এথিস্ট ইন বাংলাদেশের বিরূদ্ধে ঝালকাঠিতে ধর্ম অবমাননার মামলার তদন্তে অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক

গত ৪ঠা জানুয়ারী ঝালকাঠি জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত এর রাজাপুর থানার অধীনে আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন কবির “এথিস্ট ইন বাংলাদেশ” নামক ওয়েবসাইটের প্রকাশক ও বিভিন্ন লেখকদের বিরুদ্ধে নজীর আহম্মদ কর্তৃক আনীত ধর্ম অবমাননার মামলা গ্রহণ করেন। আদালত সূত্রে জানা গেছে এই ম্যাগাজিন এর বিরূদ্ধে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ছাঁপানোর অভিযোগ রয়েছে। সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট নওরীন কবির রাজাপুর থানার গোয়েন্দা শাখাকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা পর্যালোচনা কালে সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট বলেন অভিযুক্তদের দ্বারা প্রকাশিত বক্তব্য সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা বিঘ্ন করতে পারে এবং জনমনে রোষ ও ধর্মীয় সম্প্রীতি বাঁধাপ্রাপ্ত হতে পারে। মামলাটি তদন্তের জন্যে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট থানাকে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্যে অতিরিক্ত তৎপর এবং সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট নওরীন কবির।

জানা গেছে মামলার তদন্ত প্রতিবেদন দেবার তারিখ ৫ই মার্চ ২০২৬ নির্ধারিত হয়েছে। মামলাটি ফৌজদারী দন্ডবিধি ১৮৬০ (সংশোধিত) আইনের ২৯৫, ২৯৮ ও ৩৪ ধারার অধীনে গৃহীত হয়। মামলার আসামীর সংখ্যা ১৯।মামলার নম্বর – সি.আর. – ০৩/২০২৬ বলে জানা গেছে আদালত তথ্যমতে।

এথিস্ট ইন বাংলাদেশ ওয়েবসাইট এর প্রকাশক মোহাম্মদ মোশাররফ হোসাইন এই মামলায় আসামী করা হয়েছে। মামলায় অভিযুক্ত অন্যান্য আসামীরা উক্ত ওয়েবসাইট এ বিবিধ ইসলাম ধর্মকে লক্ষ্য করে আক্রমনাত্মক লিখা লিখেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে – গাজী আফতাবুন নেসা রিতি, সমীর হালদার, নুরুল আমিন, মোঃ তানভির হোসেন, সাব্বির আহমেদ, এমডি জাকির হোসাইন, এমডি মিজানুর রাহমান, বুরহান উদ্দীন, রাজীব সাহা, রুমানা পারভীন, মোসাম্মাত নাসরিন সুলতানা, মুনায়েম আহমেদ, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, সৈয়দ আরিফ মাসুদ, এম ডি যোবায়ের হোসেন, মোহাম্মদ আল মামুর, আব্দুল্লাহ আল হোসাইন, এবং হামজা রহমান অন্তর।

এই ব্যাপারে যোগাযোগ করা হলে রাজাপুর থানার অফিসার-ইন-চার্জ মোঃ ইসমাইল হোসেন বলেন অভিযোগ সত্য হয়ে থাকলে এই ধরণের আসামীদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে কেননা এরা সামাজিক ও ধর্মীয় সম্প্রিতীর অন্তরায়।

এথিস্ট নোট ওয়েবসাইটের সাথে যোগাযোগের চেষ্টা করে কোনো মন্তব্য পাওয়া যায়নি এতবধি। মামলার অগ্রগতি সম্পর্কে রাজাপুর থানার নাম প্রকাশে অনিচ্ছুক  সূত্র জানায় ইতোমধ্যে মামলার বেশ কয়েকজন আসামীকে সনাক্ত করা হয়েছে এবং অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বাকি আসামীদের ব্যাপারে তদন্ত চলমান। এই মামলা নিয়ে আদালতে বেশ আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে।

 

সূত্রঃ দ্যা বিডি নিউজ ২৪

যেকোনো সময় সরকারের সিংহাসন ডুবে যাবে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সরকারকে উদ্দেশ্য বলেছেন, আপনারা মনে করছেন আপনাদের অনেক ক্ষমতা। ধরে নিয়ে যাবেন, গুম করে দেবেন। কিন্তু কখন যে আপনাদের সিংহাসন চোরাবালির মধ্যে ডুবে যাবে আপনি সেটা টেরই পাবেন না।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একেএম ওয়াহিদুজ্জামানকে চাকুরিচ্যুত করার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দুজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। কেনো করা হয়েছে? তারা কি কোনো অন্যায় করেছে? কোনো দুর্নীতি করেছে? বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত করার যে আইন আছে সেই আইনের মধ্যে কি তারা পড়েছে? অধ্যাপক মোর্শেদ হাসান খানকে কেনো চাকরিচ্যুত করা হয়েছে তা আপনারা জানেন। তিনি জিয়াউর রহমানের নিয়ে একটা প্রবন্ধ লিখেছেন। এইটা হচ্ছে অপরাধ।

তিনি বলেন, একেএম ওয়াহিদুজ্জামান রাজনীতির করুণ দশা নিয়ে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করতেন। এজন্য তাদের বিরুদ্ধে প্রথমে মামলা করা হলো, চাকরিচ্যুত করা হলো ডা. মোর্শেদকে। ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে মামলা চলছে, মামলা নিষ্পত্তি হয়নি, তার আগেই চাকরিচ্যুত করা হয়েছে।

তিনি আরো বলেন, আমি সরকারে উদ্দেশ্য বলতে চাই, আপনি যদি বলেন যারা ভিন্নমতে বিশ্বাসী, যারা বিরোধী দলের বিশ্বাসী, তোমাদের খাওয়ার অধিকার নাই, তোমাদের তৃষ্ণা পেলে পানি খাওয়ার অধিকার নেই, তোমরা ক্ষুধায়- তৃষ্ণায় মরে যাও। আপনি এই কর্মসূচি দেন।

তিনি বলেন, শিক্ষকদের কর্মকাণ্ড কী? ছাত্রদের পড়ানো। শিক্ষকতা করা। ড. মোর্শেদ তাই করতেন। তিনি মেট্টিক থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সবগুলোই ফার্স্টক্লাস পাওয়া। মেট্টিক ও ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছে। তাকে বহিষ্কার করা হলো। ওয়াহিদুজ্জামানও সবগুলোতে প্রথম শ্রেণি প্রাপ্ত শিক্ষক। না হলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় না। ড. মোর্শেদের অতুলনীয় মেধা। তাকে ভিন্নমতের কারণেই চাকুরিচ্যুত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম ওয়াহিদুজ্জামানকে চাকরিতে পুর্নবহালের দাবিও এ সময় জানান তিনি।

মানববন্ধনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা ওয়াসার পরিচালক পদে ষষ্ঠবারের মতো তাকসিম এ খান।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ছে। শনিবার ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনলাইনে অনুষ্ঠিত ৯ জন সদস্যের মধ্যে ৬ জন চুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেয়। এ কারণে বোর্ড প্রকৌশলী তাকসিমের মেয়াদ বাড়ানোর পক্ষে স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ প্রসঙ্গে ঢাকা ওয়াসা বোর্ড সদস্য এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সভাপতি এ কে এম এ হামিদ যুগান্তরকে বলেন, ‘আজ (শনিবার) ওয়াসা বোর্ডের সভা ছিল। ওই সভায় সংস্থার বর্তমান এমডির চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ প্রস্তাব অনুমোদনের জন্য নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় যথাযথ নিয়ম অনুসরণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।’

জানা যায়, ২০০৯ সালে প্রথম ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান প্রকৌশলী তাকসিম এ খান। এরপর চারবার চুক্তির মেয়াদ বাড়িয়েছে ওয়াসা বোর্ড। পঞ্চমদফা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে আগামী ১৪ অক্টোবর। নতুন করে চুক্তির মেয়াদ বাড়াতে গত ২৬ আগস্ট অনুষ্ঠিত বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হয়। ওই সভার এটা আলোচ্য সূচীতে না থাকায় এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয় না।

ঢাকা ওয়াসা বোর্ড চেয়ারম্যান ড. এম এ রশিদ সরকার গত ১০ সেপ্টেম্বর মারা যাওয়ার পর নতুন চেয়ারম্যান নিয়োগের আগেই তড়িঘড়ি করে এমডি নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা বোর্ড।

এদিকে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গণমাধ্যম ও নির্ভরযোগ্য প্রত্যক্ষ তথ্যসূত্র অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের বিশেষ সভায় শুধুমাত্র বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের নাম উল্লেখ করে তাকে আবারো তিন বছর মেয়াদে পুননিয়োগের সুপারিশ চূড়ান্তের কথা বলা হয়েছে।

নিয়ম অনুযায়ী এ পদে দরখাস্ত আহবান করা হয়েছিল কিনা, কারা আবেদন করেছিলেন, কেন তারা যোগ্য বিবেচিত হলেন না বা কেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালকই একমাত্র উপযুক্ত প্রার্থী। কেন সংশ্লিষ্ট বিধি অবমাননা করে মেয়াদের পর মেয়াদ একই ব্যক্তিকে অপরিহার্য, এসব প্রক্রিয়াগত প্রশ্নের উত্তর যাচাই করা হয়েছে কিনা, তার কোনো উল্লেখ নেই।

তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে, ঢাকা ওয়াসা বোর্ড তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছে না বা করতে দেয়া হচ্ছে না। প্রাতিষ্ঠানিক সুশাসন, বিশেষ করে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে অপারগতার কারণে ঢাকা ওয়াসা বোর্ডেরও অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানাই।’

দলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় পছন্দের লোক খুঁজছেন তারেক রহমান।

দলে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নিজের পছন্দের লোক খুঁজছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আস্তে আস্তে তিনি নিজের ঘনিষ্ঠদের বসাতে শুরু করেছেন। তবে কমিটি গঠন করতে গিয়ে অনেক জায়গায় তিনি বিরোধিতার সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে।

সংগঠন হিসেবে বিএনপির বর্তমান যে কাঠামো সেটি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতেই গড়া। ১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলকে তিনিই দেশের অন্যতম বড় দলে পরিণত করেন। দলটির বিভিন্ন কমিটিতে শীর্ষ এবং গুরুত্বপূর্ণ অধিকাংশ নেতাকে ‘খালেদা জিয়ার টিম’ বলে মনে করা হয়। কিন্তু আড়াই বছর ধরে বড় ছেলে তারেক রহমান দলের হাল ধরেছেন। আর এ কারণেই দলে তাঁর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আলোচনা আছে। কিন্তু বিএনপির নীতিনির্ধারকরা এ নিয়ে মুখ খুলতে রাজি নন। কারণ তারেক রহমানকে তাঁরা কেউ অসন্তুষ্ট করতে চাইছেন না।

জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালের কণ্ঠকে বলেন, ‘দল সাজানোর ঘটনা সত্যি নয়। বিএনপির সবাই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। দলে কোনো বিভাজনও নেই।’ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদ শূন্য হলে যোগ্য নেতাদেরই পদায়ন করা হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুন্দরভাবে দল পরিচালনা করছেন।’

দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে বলেন, ‘বিএনপির সবাই তাঁর (তারেক রহমান) পছন্দের। সবাই তাঁর।’

স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘তারেক রহমান যাঁদের যোগ্য বলে মনে করেছেন তাঁদেরই বিভিন্ন পদে মনোনীত করেছেন। আর যোগ্য বলে দলও তাঁদের গ্রহণ করেছে।’

নাম প্রকাশ না করার শর্তে আরেক নেতা বলেন,  ‘ওয়ারিশ সূত্রে সব কিছুর মালিক তারেক রহমান। সেই অর্থে আমার মালিকও তিনি। তা ছাড়া তাঁর মা খালেদা জিয়ার পদায়নকৃত নেতাদের কেউ তো তাঁকে চ্যালেঞ্জ করছেন না।’

একটি দুর্নীতি মামলায় সাজা হওয়ায় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দল পরিচালনা করছেন তারেক। দলের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকগুলোতে সভাপতিত্ব করছেন তিনি। গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হওয়ায় কারামুক্ত হয়ে খালেদা জিয়া গুলশানের ‘ফিরোজা’য় আছেন। তবে দল পরিচালনার ওই নিয়মের কোনো পরিবর্তন হয়নি। সরকারের পাশাপাশি বিএনপির আইনজীবী নেতারাও বলছেন, আইনগতভাবে খালেদা জিয়া এখনো মুক্ত নন। ফলে আপাতত তিনি রাজনীতি করতে পারছেন না। পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ভবিষ্যতেও তিনি রাজনীতি করতে পারবেন কি না এ নিয়েও দলের সর্বস্তরে সংশয় তৈরি হয়েছে। এ কারণে নানামুখী আলোচনা সত্ত্বেও দলটির সিনিয়র নেতারা আস্তে আস্তে তারেকের কর্তৃত্ব মেনে নিয়েছেন। তাঁরা বলছেন, অনেক কিছু অপছন্দ হলেও রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে এসে তাঁরা দলের বাইরে গিয়ে ‘অনাস্থা বা অবিশ্বাসে’র খাতায় নাম লেখাতে চান না।

এ প্রসঙ্গে আলোচনায় বারবার উঠে আসছে বিএনপির প্রয়াত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নাম। এক-এগারোর পর সংস্কার প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁর সমর্থক বলে পরিচিত অনেকের রাজনৈতিক জীবন ধ্বংস হয়ে গেছে বলে মনে করা হয়। মান্নান ভূঁইয়ার সমর্থকদের কেউ কেউ বিএনপি ছেড়ে গেছেন। আবার অনেকে দলে ফিরতে পারলেও কোণঠাসা অবস্থায় আছেন।    

১৯৮৩ সাল থেকে খালেদা জিয়ার একক নেতৃত্বে পরিচালিত হয়েছে বিএনপি। দল পুরোপুরি তাঁর নেতৃত্বে থাকার সময় তারেক রহমানের প্রভাব থাকলেও সেটি তেমন দৃশ্যমান ছিল না। যদিও ২০০১ সালের নির্বাচন পরিচালনা এবং মন্ত্রিসভা গঠনের নেপথ্যে তারেকের বেশ কিছু সমর্থক স্থান পেয়েছিলেন বলে মনে করা হয়। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে বসার পর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারেকের ভূমিকা প্রথম দৃশ্যমান হয় খালেদা জিয়া কারাগারে থাকতে। ২০১৯ সালের ১৯ জুন স্থায়ী কমিটিতে তিনি মনোনয়ন দেন ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমানকে। ওই দুজন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও দলে এ নিয়ে সমালোচনা হয়নি। তবে ওই সময় কেউ কেউ বলেন যে স্থায়ী কমিটিতে তারেকের মতামতের পক্ষে কথা বলার লোকের সংখ্যা বাড়ানো হয়েছে।

আগের কমিটি ভেঙে দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গত বছর ১৫ ফেব্রুয়ারি বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটি গঠনও তারেকের পছন্দের লোকদের সমন্বয়ে হয়েছে বলে কেউ কেউ মনে করেন। কমিটির চেয়ারম্যান পদে আমির খসরু ছাড়াও ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিস্টার মীর হেলাল, ব্যারিস্টার নওশাদ জমিরসহ বেশ কয়েকজন সদস্য তারেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তারেকের সমর্থক হলেও নওশাদ জমিরকে নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে সমালোচনা আছে। 

এর আগে ২০১৭ সালের ১৮ এপ্রিল ঢাকা মহানগরীর উত্তর বিএনপির কমিটি গঠিত হয় তারেক রহমানের পছন্দের লোকদের দিয়ে। ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার আসামি এম এ কাইয়ুম অনেক বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করলেও তারেকের ইচ্ছায় তাঁকেই উত্তরের সভাপতি করা হয়। তবে ওই সিদ্ধান্ত নিয়ে বিএনপিতে সমালোচনা আছে। কারণ বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত কাইয়ুম দেশে ফিরতে পারছেন না বলে মনে করা হয়। ওই ঘটনায় মহানগর উত্তর বিএনপি সাংগঠনিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গত বছর ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনকালে বিক্ষুব্ধ নেতাকর্মীদের হাতে উত্তরের কমিটির নেতারা লাঞ্ছিত হন।

সর্বশেষ তারেকের সিদ্ধান্তে ওই কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ নিয়েও কিছুটা বিতর্ক তৈরি হয়। গত ৭ জুন করোনায় আক্রান্ত হয়ে আহসান উল্লাহ হাসান মারা গেলে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় কমিটির সহসভপাতি আবদুল আলী নকিকে। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে আনোয়ারুজ্জামান আনোয়ারের ওই পদে নিয়োগ পাওয়ার কথা।

এদিকে গত সংসদ নির্বাচনের পর দল গোছানোর উদ্যোগ নিলেও নানামুখী বাধা ও আপত্তির কারণে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কমিটি অনেক জায়গায় করতে পারেননি তারেক রহমান। এ নিয়েও দলে অনেক ধরনের আলোচনা আছে। তারেকের ঘনিষ্ঠ বলে পরিচিত সাইফুল আলম নিরবের নেতৃত্বে ২০১৭ সালের ১৬ জানুয়ারি যুবদলের আংশিক কমিটি  ঘোষিত হলেও আজ পর্যন্ত দেশের সব জায়গায় পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি। গত বছরের অক্টোবর পর্যন্ত দুই দফায় সময় বাড়ানো হলেও চলতি সময়ের মধ্যে কমিটি গঠন সম্ভব হয়নি। সর্বশেষ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কমিটির ঘোষণার মাত্র দুই দিনের মাথায় হঠাৎ করেই গত ৯ সেপ্টেম্বর ওই কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এ ছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বেশ কয়েকটি অঙ্গসংগঠন উদ্যোগ নিয়েও তারেক রহমান পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। বরিশাল বিভাগে বেশির ভাগ জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে কমিটি গঠন করা যায়নি।